24 November, 2026

সৌমিত্র

রবীন্দ্রনাথের কবিতা এবং তার সঙ্গে আমাদের, মানে, এ কালের এ সময়ের মানুষের ঠিক কেমন যোগাযোগ, কেমন দেওয়া-নেওয়া, সেটা একই সঙ্গে যেমন খুব জরুরি একটা প্রশ্ন; পাশাপাশি সাহিত্যের গুরুত্বের প্রশ্নে মোটেই খুব অপরিহার্য বিষয় নয়ও। ‘জরুরি’ এই কারণে যে, কবি বেঁচে থাকেন তাঁর পাঠকের, বিশেষ করে ভবিষ্যতের পাঠকের মধ্যেই। ফলত, ভবিষ্যতের সমাজমন তাঁকে কী ভাবে গ্রহণ করছে, বা তাঁর সাহিত্য-ঐতিহ্য কেমন ভাবে অগ্রসর হচ্ছে, সেটা যে কোনও সাহিত্য-সংস্কৃতির সাপেক্ষেই পরিমাপযোগ্য প্রশ্ন। আবার বিষয়টি তত অপরিহার্য নয় এ কারণেই যে, কবিতা চিরকালই খুব সীমিত পাঠকের জন্য; তার ‘টার্গেট অডিয়েন্স’ বরাবরই অল্প। এবং কবিতায় দীক্ষিত পাঠক ব্যতীত কবি ও কবিতার সার্থক রসাস্বাদনও অসম্ভব। আর সব যুগেই কবিতার সার্থক পাঠক হাতেগোনা। ফলে, কোনও কবিরই সব যুগের সকলের কাছে সমান ভাবে গ্রাহ্য হওয়ার কোনও দায় থাকে না, থাকা উচিতও নয়। কাব্যের নিজস্ব একটা আত্মমর্যাদা আছে; তা স্বরাট, এবং তা পরীক্ষা-নিরপেক্ষই।

ঠিক এই দ্বিকোটিক অবস্থানেই আসলে সব কালের সব কবির সঙ্গে চির-কালের সব পাঠকের ভাবনার নিবিড় আদানপ্রদান চলে, গড়ে ওঠে এক নিঃসীম আন্তঃসম্পর্ক। এই আন্তঃসম্পর্কের প্রেক্ষিতেই আমাদেরও কখনও কখনও বাংলাভাষার প্রধান কবিদের বুঝে নেওয়ার পালা শুরু হয়। আর সেই পথ ধরেই রবীন্দ্রকবিতাকেও বুঝে নেওয়ার পালা এসে উপস্থিত হয়।

আর সে একট সমুদ্র বই তো নয়! ৬০ বছরেরও বেশি, এক অতি দীর্ঘ কবিজীবনে রবীন্দ্রকাব্য যে কত ভাবে কত বার বাঁকবদল করেছে, কত ভাবে বাংলাসাহিত্য তার দুর্মর ছাপ রেখে গিয়েছে, তার ইয়ত্তা নেই। মহান কবির মহান কাব্যের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে কাব্যের অর্থান্তরও খুব বড় ব্যাপার। আর সেটা যত ঘটে, সংশ্লিষ্ট কাব্য তত নতুন নতুন জটিলতা ও যৌগিকতায় অন্বিত হয়ে নব নব অনুষঙ্গে ও অনুভবে তার দিগন্ত প্রসারিত করে সুমহান সমারোহে বিরাজ করে। রবীন্দ্রকাব্যের ক্ষেত্রে তা খুব বেশি করে সত্য।

যদিও, কবিতার ক্ষেত্রে মজাটা হল, কাব্যভাষার দ্রুত বিবর্তন হয় বলে, কবিতা খুব দ্রুত ‘ব্যাকডেটেড’ হয়ে পড়ে। ভাষা ও আঙ্গিক, ভাব ও ভাবনা বিষয়ে তাই অতিমাত্রায় সচেতন কবিও কবিতা-দুনিয়ার এই দ্রুত বদলে-চলা-খিদের সঙ্গে পাল্লা দিতে পারেন না। স্বীকার করে নেওয়াই ভালো যে, রবীন্দ্রনাথও সে-অর্থে পারেননি। পারেননি নানা দিক থেকেই। তিনি নিজে যেমন, নিজেকে অসংখ্যবার বদলে নিয়েও একট সময়ের পরে যেন কিছুতেই এঁটে উঠতে পারেননি অত্যন্ত সময়োচিত কোনও কাব্যভাষার জন্ম দিতে; উল্টো দিকে, যাঁরা সেটা সেসময় দিতে শুরু করেছেন, তাঁদের কবিতাকেও সম্পূর্ণত বুঝতে পারেননি তিনি। তিরিশের দশকে বিষ্ণু দে’র কবিতা তাঁর রীতিমতো দুর্বোধ্য লেগেছিল! জীবনানন্দকেও রবীন্দ্রনাথ স্রেফ একটা তকমা দাগিয়েই নীরব থেকেছেন; জীবনানন্দ-কাব্যবিশ্বে, ‘সোনার তরী’র আশ্চর্য কবি যেন এক মূর্তিমান ‘আউটসাইডার’ হয়ে থেকে যান!

কল্লোলযুগের কবিরা তো রবীন্দ্রকাব্যের উপর প্রায় খড়গহস্ত ছিলেন! পঞ্চাশের দশকের কবিরাও সসম্মানে (হয়তো সব সময় তা-ও নয়) সরিয়ে রেখেছিলেন রবীন্দ্রকাব্যকে। কেউ কেউ হয়তো পরবর্তীতে বিচ্ছিন্ন ভাবে তাঁকে আবিষ্কার-পুনরাবিষ্কার করেছেন, কিন্তু সামগ্রিক ভাবে তাঁকে একটু সরিয়ে রেখেই এগিয়ে গিয়েছে সেই সময়ের প্রধান কাব্যস্রোত।

এগুলি সবই সময়ের সত্য, সাহিত্যের সত্য, কবিতার সত্য। এর জন্য কোনও কবিই ‘ছোট’ হয়ে যান না, রবীন্দ্রনাথও ‘ছোট’ হয়ে যাননি। বরং, আরও নতুন করে ধরা দিয়েছে অন্য একটা সাহিত্যসত্য যে, তাঁর মতো পূর্বতন কবির মহা-কাব্যের মহান উদার কাব্যপ্রস্থানবিন্দু ধরেই এগিয়েছে তাঁর পরবর্তী কবিকুলের সুবিস্তৃত কাব্য-অভিযাত্রা।

পাঠকের সঙ্গে কবির বা কাব্যের ফর্মাল সম্পর্কের প্রশ্নই এটা নয়। এটা খুবই ঘরোয়া একটা
জায়গা। সেইখানে সব কবিই ভিন্ন ভিন্ন ভাবে ধরা দেন তাঁর ভিন্ন ভিন্ন পাঠকের বিভিন্ন মনে ও মননে। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তা একশো শতাংশ সত্য।

তবু কোথাও ব্যক্তিগত একটা আদান-প্রদানের একান্ত পরিসর থেকেই যায়। সেই অনুভবের পর্যায়ে কবি বড় না ছোট, তাঁকে পাশে-সরিয়ে-রাখা-চলে নাকি তিনি অপরিহার্য- এসব প্রশ্ন মোটেই বড় হয়ে দেখা দেয় না। পাঠকের সঙ্গে কবির বা কাব্যের ফর্মাল সম্পর্কের প্রশ্নই এটা নয়। এটা খুবই ঘরোয়া একটা জায়গা। সেইখানে সব কবিই ভিন্ন ভিন্ন ভাবে ধরা দেন তাঁর ভিন্ন ভিন্ন পাঠকের বিভিন্ন মনে ও মননে। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তা একশো শতাংশ সত্য।

আর সেখানে, সেই অলঙ্কারহীন অ-বিশেষজ্ঞ অতি-সাধারণ একলা কোনও পাঠকের মনে যে ছায়া ফেলে যান রবীন্দ্রনাথ তা পাঠকের পক্ষে এক মধুর মদির অনুভবের রসে জারিত অভিজ্ঞতা হয়ে থেকে যায়। সেখানে মনের বিভিন্ন অবস্থান্তরে তাঁর নানা চরণ নানা ভাবে স্মরণযোগ্য হয়ে থেকে যায়। যেমন, ধরা যাক এই সব লাইন- “এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে”, বা “আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে/বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে” বা তাই ফুল একদিন মেলি দিল ডানা/প্রজাপতি হল, তারে কে করিবে মানা বা “কুমোর-পাড়ার গরুর গাড়ি/বোঝাই-করা কলসি-হাঁড়ি বা “মা গো, আমায় ছুটি দিতে বল” ইত্যাদির মধ্যে কবিতার চেয়েও বেশি করে যা আছে তা হল একটা ছবি; চিরন্তন অথচ বড় চেনা কিছু ছবি যা খুব সহজ সাধারণ কাব্যভাষায় পাঠকের মনে একটা স্থায়ী জায়গা অধিকার করে নেয়। যার সঙ্গে নিত্যদিনের জীবনের একটা প্রগাঢ় সংযোগ থাকে, আর থাকে বলেই সেটা বড় মরমি আবেগস্পন্দে মনের তন্ত্রীতে সুর তোলে। এর বিপরীতধর্মী কবিতাই অবশ্য রবীন্দ্রকাব্যে বেশি। অতীন্দ্রিয় জগতের সুষমাকে রূপ-রস-গন্ধ-স্পর্শে বাঙ্ময় করে ধরে রাখার উত্তুঙ্গ কিছু লিপি রবীন্দ্রনাথ বড় সার্থক ভাবে সৃষ্টি করে গিয়েছেন। তাঁর সুবিশাল কাব্যসম্ভারের একটা বড় অংশের হাত ধরেই আমরা শীত-গ্রীষ্ম-বর্ষা-বসন্তের আলো-ছায়া বড় একান্ত ভাবে অনুভব করেছি হয়তো। মূল্যায়নের ক্ষেত্রে সেগুলির দামও বেশ চড়া। এবং এই সবটা মিলিয়েই এক অনেকান্ত একান্ত রবীন্দ্রনাথ আমাদের মনের রৌদ্রে-জ্যোৎস্নায় নিবিড় ভাবে ধরা দেন, দিয়ে যান বরাবর। ‘চিত্রা’ ‘গীতাঞ্জলি’, ‘গীতবিতান’, ‘বলাকা’, ‘সঞ্চয়িতা’ ইত্যাদির নানা সৌকর্য, নানা বিভঙ্গ, নানা রূপ, নানা রস, নানা অভিঘাত, নানা সংবেদন, নানা ভাবোল্লাস। সে-এক বিচিত্র বিশাল বিপুল ব্যাপার। ফলে কালের নিরিখে মেপেজুখে সংযোজন-বিয়োজন করেও রবীন্দ্রকাব্যের যে সরস আটপৌরে পুরনো শাশ্বত রূপটি পাঠককে নীরবে নিভৃতে ছুঁয়ে যায়, সেটাই শেষবিচারে কবির ও কবিতার এক বিশেষ জয় বা অর্জন হিসেবে গাঢ় ছাপ রেখে যায়। সেটা সার্থকতারই। কাব্যিক সার্থকতা, সাহিত্যধর্মী সার্থকতা। সৃজনের সার্থকতা, কিছুকাংশে পাঠকের সার্থকতাও নয় কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *