রোমেনা লেইস
তখনও নিশ্চুপ নিঝুম রাত। জোনাকীর আলোর মতো মিটমিট করে জ্বলছে শহরের স্ট্রীটলাইট। মনে হচ্ছে পাহাড়ের চূড়ো থেকে আলোর মালা ঘুরে ঘুরে নীচে নেমেছে। করিমগঞ্জ থেকে ছেড়ে আসা বাস আলো আঁধারিতে ঢাকা ঘুমন্ত সময়ে শিলং পৌঁছালো আমাদের নিয়ে। আমার মাথায় আব্বার কাছে শোনা শিলংয়ের গল্পগুলো আর ‘শেষের কবিতা’র ছবি ভেসে ওঠে। শীতের কুয়াশার চাদর সরিয়ে জেগে উঠলো লালচে সূর্য। মনে প্রশ্ন জাগে শেষের কবিতার অমিত লাবণ্য কোন রাস্তার বাঁকে প্রথম দেখে একে অন্যকে?
যে বাড়িতে কবি থেকেছেন সেখানে গিয়ে আমি ঘাসের উপর বসে পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর একজনই। একশ বছরে আর কোন বাঙালী কবি বা সাহিত্যিক নোবেল পুরস্কার পাননি। একশ বছর কোন কম সময় নয়। প্রচুর লেখালেখি করে বিখ্যাত হয়েছেন অনেকেই। তবে রবীন্দ্রনাথকে ছুঁতে পারেননি কেউ।
‘কমল-হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে, তাকে বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি।’
এই যে কথাগুলো এর মাঝেই রবীন্দ্রনাথের বর্ণনার বিস্ময়। কী অপরূপ এই বর্ণনা। কী গভীরতা এই সৌন্দর্যমন্ডিত বাক্যে।
‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?’
এই যে অনুভব এ শুধু কবিমনই উপলব্ধি করতে পারে।
কিংবা
‘সব চেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় –
সে আমার প্রেম।’
কী অমোঘ বাণী। প্রেমে অসফল যারা তাদের দীর্ঘশ্বাস ছুঁয়ে যায় মর্মে তখন। প্রেমে ব্যর্থ হলেই বুকের ভেতর চাপা পড়ে থাকে কিছু রোদন। সে সবের মধ্যেই যত কষ্ট। মানুষের তখন আশ্রয় প্রয়োজন হয়। মানুষ সুরে ও বাণীতে আশ্রয় খোঁজে। মানুষের চঞ্চল চিত্ত আশ্রয় পেতে পারে এরকম বহু বাণী তার লেখায় পাওয়া যায়।
১৯২৪ সালে ৬৩ বছর বয়সে এসে তিনি ভিক্টোরিয়া ওকাম্পো নামের আর্জেন্টাইন বিদেশিনীর দেখা পেয়েছিলেন। মিলারিও এ দুইমাস থাকতে হয় কবিকে। সেখান থেকে থেকে ফিরেই রবিঠাকুর লিখে ফেলেন তার তৃতীয় কাব্যগ্রন্থ ‘পূরবী’, উৎসর্গ করেন বিজয়াকে। এই বিজয়া আর কেউ নন, ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়াকে ভালোবেসে এই নাম দিয়েছিলেন তিনি। একজন চৌত্রিশ বছরের বিদেশিনীকে দেখে মুগ্ধতায় লিখে ফেললেন ‘বিদেশী ফুল’ কবিতাটি।
‘কী তোমার নাম, হাসিয়া দুলালে মাথা, বুঝিলাম তরে, নামেতে কী হবে। আর কিছু নয়, হাসিতে তোমার পরিচয়। হে বিদেশী ফুল, আমি কানে কানে শুধানু আবার, ‘ভাষা কী তোমার।’
ওকাম্পো গীতাঞ্জলি পড়ে এতটাই অভিভূত হয়েছিলেন যে, তিনি রবীন্দ্রনাথ ও ঈশ্বরকে প্রায় কাছাকাছি ভাবতে শুরু করেছিলেন। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সমস্ত ইউরোপের এক আত্মিক মহাসংকটের কালে গীতাঞ্জলির শান্ত-সমাহিত সংগীতের বাণী ছিল একটি অন্যরকম প্রশান্তির জায়গা। ইয়েটস আগে থেকে ভারতীয় দর্শন, মরমীবাদ ইত্যাদি বিষয়ে অবগত ছিলেন; অতঃপর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হাতে পেয়ে ভারত সম্পর্কে তার প্রাপ্তির অনেকটাই পূর্ণ হলো বলে তিনি আনন্দ-উচ্ছ্বাসে অনেকটা উদ্বেলিত হয়ে পড়েছিলেন। দুই কবিই তাদের লেখায় ঢেলে দিলেন আবেগের শেষ অংশটুকু। যেখানে ভাষা আলাদা, ধর্ম আলাদা, সংস্কৃতির কিছুই মিল নেই। শুধু অনুভূতি মিলেছিল এক হয়ে।
‘প্রবাসে বনের ছায়ে, সহসা আমার গায়ে, ফাল্গুনের ছোঁয়া লাগে একি? এ পারের যত পাখি, সবাই কহিল ডাকি, ও পারের গান গাও দেখি।’ আমাদের দুঃখ-বেদনা, হতাশায় এই সংগীতমালার প্রাণদায়ী শক্তি আমাদের ভেতরে আলোময় আকাশের ছায়া ফেলে যায়।
রবীন্দ্রনাথের কবিতা ছাড়া কোন দিবসই যেন পরিপূর্ণতা পায় না। ফাল্গুনের প্রথম দিনে, ভালোবাসার দিনে তাই কবিগুরুর গানেই আশ্রয়। সবাইকে ফাল্গুনী শুভেচ্ছা, ভালোবাসা সবার জন্য।
“ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে।”
অথবা
“সুখে আছে যারা
সুখে থাক তারা,
সুখেরও বসন্ত
সুখে হোক সারা”
মানসসুন্দরী’তে কবি
‘চুম্বন মাগিব যবে, ঈষৎ হাসিয়া
বাঁকায়ো না গ্রীবাখানি, ফিরায়ো না মুখ,
উজ্জ্বল রক্তিমবর্ণ সুধাপূর্ণ মুখ
রেখা ওষ্ঠাধর পুটে।’
এ এক সাহসী শব্দ ঝঙ্কার। কোন নগ্ন কামনা না। প্রেমময় শব্দমালায় আহ্বান।
‘বিবসনা’ কবিতায় কবি বলেন-
“ফেলো গো বসন ফেলো, ঘুচাও অঞ্চল
পরো শুধু সৌন্দর্যের নগ্ন আবরণ।”
এর চেয়ে চূড়ান্ত নগ্নতার আশ্লেষ রবীন্দ্রকাব্যে আর মেলেনা। একমাত্র রবীন্দ্রনাথই পারেন এতো সুন্দর পঙতি রচনা করতে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনীর মধ্যে স্বপ্নের প্রেমিকাকে খুঁজে না পাওয়ার বেদনা ফুটিয়ে তুলেছেন তাঁর কবিতায়।
‘আঙিনাতে যে আছে অপেক্ষা করে
তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।’
তাঁর কবিতার ভাঁজে ভাঁজে ফুটে ওঠে দৃশ্যপট। জেগে ওঠে প্রেম। রোম্যান্টিক বলে রবীন্দ্রনাথের পরিচয় তাঁর নানা সময়ের বিভিন্ন লেখা থেকে তার পক্ষে সাক্ষী সাজানো যায় কিন্তু অনেকই।
“এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।
এমন দিনে মন খোলা যায়-
এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে
তপনহীন ঘন তমসায়।”
বর্ষার গভীর প্রকৃতিতে মন ছলছল করে ওঠে অজান্তেই।
রবীন্দ্রনাথ যেখানে রোমান্টিক সেখানে কিন্তু সুন্দরকে দেখেন পরিশুদ্ধ মুগ্ধতায়।
রবীন্দ্রনাথ স্বপ্ন দেখতে ভালোবাসতেন। সব মানুষই দেখে থাকে, দেখতে হয়।
রবীন্দ্রনাথকে দেখতে হয়েছিল আরও বেশি করে। রবীন্দ্রনাথদের দেখতে হয়।
পরবর্তীতে ঐ স্বপ্নডানায় তাঁর পাঠকদের তিনি অনেক স্বপ্ন দেখান। স্বপ্ন জয়ের এ সাহস সবই কিন্তু তার ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’তে বর্ণনা করেছেন।
